আমাদের ভারত, মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: সবংয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করলেন জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়াl সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, বিডিও তুহিন শুভ্র মহান্তি, পঞ্চায়েত সমিতির সভাপতি অমল কুমার পন্ডা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স।
সবংয়ের ১০ নম্বর ভেমুয়া এবং ১১ নম্বর মহার অঞ্চলের বন্যা দুর্গত মানুষদের সঙ্গে তাঁরা দেখা করে সব রকম সহযোগিতার আশ্বাস দেনl গ্রামের যে সমস্ত মানুষজন জলের মধ্যে আটকে আছেন তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য জনপ্রতিনিধি এবং প্রশাসনকে নির্দেশ দেন মানস ভুঁইয়াl তিনি বলেন, ত্রাণ নিয়ে কোনো রাজনীতি চলবে নাl সর্বস্তরের মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবেl কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কেন্দ্র যদি কেলেঘাই, কপালেরশ্বরী, চন্ডা নদী সংস্কারে করে দিত তাহলে আজ মানুষকে এই বিপদে পড়তে হতো নাl তিনি বলেন, কেলেঘাই নিয়ে আমার লড়াই ছিল, এখনও সেই লড়াই আছে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সেই লড়াই চালিয়ে যাব।

