পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: সবংয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্ত্রী মানস ভুঁইঞা। আজ ৭ নং নারাণবাড় অঞ্চলে কল্যাণপুর গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন। সেখান থেকে বেরিয়ে তিনি নারায়ণবাঁড় হাই স্কুলে যান। সেখানে সমস্ত শিক্ষক, হোস্টেলে থাকা ছাত্রদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তারা স্কুলের জন্য একটি হাইমাস লাইটের দাবি করেন। মন্ত্রী তাদের বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই লাইটের ব্যবস্থা করে দেওয়া হবে। সেখান থেকে বেরিয়ে পাশের বুথে কাপাস দা গ্রামে কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন।
পরে এই অঞ্চলের কুঁন্দ্রা গ্রামে একটি সভায় উপস্থিত হয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি বলেন, যারা গরিব মানুষের ১০০ দিনের টাকা আটকে রেখেছে, আবাস প্লাসের টাকা না দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের দোসর হয়ে সিপিএম ও কংগ্রেস তাদের সমর্থন করছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে, পাড়া বৈঠক করতে হবে, মিছিল মিটিং করতে হবে, মাইকের মাধ্যমে বক্তব্য রেখে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মুখোশ খুলে দিতে হবে। সভা শেষ করে ওই গ্রামে কর্মীদের সঙ্গে মিলিত হন এবং পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের ভূমিকা কি হবে সেই ব্যাপারে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। পরে ওখানে কর্মীদের সঙ্গে নৈশভোজ সরেন।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবুল কালাম বক্স, জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ ভুঁইঞা, কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা সহ বহু নেতা এবং কর্মীরা।

