সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মে: সরকারি প্রকল্প গ্রামবাসীরা ঠিক ভাবে পাচ্ছে কি না তা দেখতে গ্রামে ঢুকেই ক্ষোভের মুখে পড়েন রাজ্যের অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বারাইক। গ্রামবাসীদের অভিযোগ, আজও আদিবাসীরা বঞ্চিত। রাজ্যের কোনো প্রকল্পের টাকা বা কোনো সুযোগ সুবিধা আদিবাসীরা ঠিক ভাবে পায় না। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোল্লাহাটি গ্রামে রবিবার দুপুরে পরিদর্শনে আসেন রাজ্যের অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বারাইক।
এদিন মোল্লাহাটি গ্রামের মহিলাদের সঙ্গে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কি না জিজ্ঞাসা করতেই আদিবাসী পরিবারের মহিলারা ক্ষোভ উগড়ে দেয়। তাঁদের অভিযোগ, জয়জোহর ভাতা পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না, এসটি সার্টিফিকেট হচ্ছে না। এছাড়া একাধিক বিষয় নিয়ে মন্ত্রীকে ঘিরে অভিযোগ জানাতে থাকে। গ্রামবাসীদের অভিযোগ শুনে মন্ত্রী প্রাথমিক ভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন দিদির সমস্ত রকম সুযোগ-সুবিধা দিচ্ছে আদিবাসীদের। কিন্তু কেন আপনারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না সেটা আপনাদেরও দেখতে হবে। এরপর মন্ত্রী নিজেই ঘটনাস্থল থেকে বনগাঁ ব্লকের বিডিও অর্ঘ্য দত্তকে ফোন করে ভাতা, লক্ষ্মীর ভান্ডার ও বিভিন্ন প্রকল্প নিয়ে আদিবাসীদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দেন এবং এই মোল্লাহাটি গ্রামে এসে বিডিওকে পরিদর্শন করবার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী। যদিও মন্ত্রীর এই আশ্বাসে খুশি গ্রামবাসীরা।

গ্রামবাসীরা জানান, এই প্রথম কোনো মন্ত্রী আমাদের খোঁজ নিতে গ্রামে এসেছেন। এতে আমরা খুশি।
মন্ত্রী বুলুচিক বারাইক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম সুযোগ-সুবিধা দিচ্ছে আদিবাসীদের জন্য। কেউ কেউ পায়নি নাম ভুল থাকার কারণে, গ্রামের মানুষ এসডিও বিডিওদের কাছে যেতে ভয় পায়, সে কারণে কিছু মানুষ প্রকল্প থেকে বঞ্চিত। দুই এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যবে।

