পানিহাটিতে নিহত কাউন্সিলর অনুপম দত্তকে শহিদ আখ্যা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, দেখা করলেন তার পরিবারের সঙ্গে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ মার্চ: “অনুপম শুধু খুন হয়নি, ও মানুষের জন্য, দলের জন্য শহিদ হয়েছে। ওর পরিবারের পাশে আছি।” পানিহাটিতে খুন হওয়া কাউন্সিলর অনুপম দত্তের বাড়িতে এসে তার স্ত্রী ও পরিবারের সকলের সাথে দেখা করে অনুপমকে শহিদ আখ্যা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন তিনি অনুপমবাবুর স্ত্রী ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রকৃত খুনি ও খুনের কারণ উদঘাটনের দাবি করেন। তিনি এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিহারের মুঙ্গের থেকে অস্ত্র আনা হচ্ছে, সুপারি দিয়ে খুন করানো হচ্ছে, এগুলো বাঙ্গলার সংস্কৃতি না। এসব বিজেপির অপসংস্কৃতি। বিজেপি খুন খারাবি করতে ভালোবাসে ওরা খুনের আদর্শে দীক্ষিত। গান্ধীজির সময় থেকে এটাই করে আসছে বিজেপি। আমরা পুলিশকে বলবো এই ঘটনার মাথায় যারা আছেন তাদের দ্রুত খুঁজে বের করতে। সে যেই হোক না কেন শাস্তি দিতেই হবে।”

প্রসঙ্গত, অনুপম দত্ত খুনের ঘটনায় ইতিমধ্যেই দু’জন গ্রেপ্তার হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই দুই অভিযুক্তের মধ্যে বাপি পণ্ডিত এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সেই সঙ্গে এই বাপি পণ্ডিত জমির ঠিকাদারির কাজ করতো। সেই কারণে এদিন ফিরহাদ হাকিম বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “অনুপমের ওপর বিজেপি থেকে চাপ দেওয়া হয়েছিল। ওকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। অনুপম একটি ক্লাবের জমিতে চলতে থাকা অসামাজিক কার্যকলাপের বিরোধিতা করছিল। তাই ওকে শহিদ হাতে হলো। আমরাও এর শেষ দেখে ছড়বো ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *