কলেজের টাকায় দেদার ফূর্তি, চলত অসামাজিক কাজ, বালুরঘাট ল’ কলেজে “গো ব্যাক” শ্লোগান নিয়ে মুখ খুললেন মন্ত্রী বিপ্লব মিত্র

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ৪ মার্চ: কলেজের টাকাতেই চলত দেদার ফূর্তি। চলত অসামাজিক কাজ। বালুরঘাট আইন কলেজ নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা ওই কলেজের গভর্নিং বডির সভাপতি বিপ্লব মিত্র। শনিবার সকাল থেকে কলেজের জিবি মিটিং ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল বালুরঘাট ল’কলেজ চত্বরে। যেখানে হাজির হয়ে খোদ মন্ত্রীকেও কিছু ছাত্রের গোব্যাক স্লোগান শুনতে হয়েছে।

যে ঘটনা নিয়েও এদিন বিকেলে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কলেজ চত্বরে। রীতিমতো ব্যানার ফ্লেক্স বানিয়েই মন্ত্রীকে ঘিরে কলেজে বিক্ষোভ প্রদর্শন করেছিল কিছু ছাত্রছাত্রীরা। যে পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগও পেতে হয়েছে আইসি শান্তিনাথ পাঁজা সহ বালুরঘাট থানার পুলিশকে। আর এরপরেই মিটিং শেষে কলেজে ওইসব ছাত্রদের বেয়াদপি নিয়ে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, মিটিং শেষে তিনি জানান, গোটা কলেজ চত্বর মুড়িয়ে ফেলা হবে সিসিটিভিতে।

জানা যায়, বেশকিছু দিন ধরেই বালুরঘাট ল’ কলেজে একটা অরাজকতা ও অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জেরে একপ্রকার লাটে উঠবার জোগাড় হয়ে দাঁড়িয়েছিল ওই কলেজের পঠন পাঠন। শুধু তাই নয়, সিসিটিভি অকেজো করে দিয়ে কলেজ চত্বরে চলছিল দেদার অসামাজিক কাজ বলে অভিযোগ। কলেজের গভর্নিং বডির দায়িত্ব পেতেই যে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। যেখানেই এসব নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন মন্ত্রী, এমন খবরের আভাস পেতেই মাঠে নেমে পড়েন একদল ছাত্র। এদিন কলেজে মন্ত্রীর আসার খবর পেতেই তার বিরোধীতায় নেমে পড়ে সেসব ছাত্রও। যাদের পক্ষ অবলম্বন না করায় কিছু ছাত্র ছাত্রীকে এদিন লাঠি ও ব্যাট দিয়ে তারা বেধড়ক পেটাতেও পিছপা হয়নি বলে অভিযোগ।

যদিও তাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগত কিছু ছেলে এসে হামলা চালিয়েছে। এদিন সেসব বিক্ষোভকারীদের গো ব্যাক শ্লোগানের মধ্যে দিয়েই কলেজে প্রবেশ করে মিটিং সারেন মন্ত্রী বিপ্লব মিত্র। যার শেষেই এসবের কড়া জবাব দেন মন্ত্রী বিপ্লব মিত্র। তার কথায় কলেজের টাকা বাইরে নিয়ে গিয়ে ফূর্তি হচ্ছে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, কলেজ চত্বরে নানা অসামাজিক কাজ চলছে। যে সব বন্ধ করতে গোটা কলেজ চত্বর সিসিটিভিতে মুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, কলেজে একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি করা হয়েছে। সিসিটিভি বিকল করে নানা অসামাজিক কাজ চলছে। এছাড়া কলেজ উন্নয়নের টাকা অন্যত্র নিয়ে গিয়ে ফূর্তি করছে কিছু ছেলেরা। এসবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *