পুলিশকে আছাড় মারার কথা বলে বিতর্কে জাড়ালেন মন্ত্রী বেচারাম মান্না

আমাদের ভারত, হুগলি, ১৮ ডিসেম্বর: পুলিশকে আছাড় মারার কথা বলে বিতর্কে জাড়ালেন মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। রবিবার চণ্ডীতলা থানার জয়কৃষ্ণপুর গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলতে বলতে এমন বিতর্কিত মন্তব্য করেন বেচারাম মান্না। এই ঘটনায় রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়।

কিন্তু কেন তিনি এমন মন্তব্য করলেন? জানা গিয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর হরিপাল থেকে ডানকুনি পর্যন্ত মোট ১১টি জায়গায় তারা দীর্ঘদিন ধরে সাবওয়ের দাবি জানাচ্ছেন। সম্প্রতি হাইওয়ে সম্প্রসারণ ও মেরামতের কাজ শুরু হয়েছে। এমন অবস্থায় মন্ত্রী বেচারাম মান্না দাবি করেন, ১১টি জায়গায় সাবওয়ের জন্য ১০০ ফুট ছেড়ে কাজ করতে হবে। সেই বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময়েই এমন বেফাঁস মন্তব্য করেছেন মন্ত্রী বেচারাম মান্না। অন্তত এমনটাই অভিযোগ।

এদিন মন্ত্রী গ্রামবাসীদের উদ্দেশে বলেন, ওই ১০০ ফুটের মধ্যে যে কাজ করতে আসবে তাঁকে ধরে বেশ করে পিটিয়ে দেবেন। বাকিটা আমি বুঝে নেব। বেচারামের কথা শুনে গ্রামবাসীরা বলেন, পুলিশ এলে কি হবে। এরপরই বেচারাম মান্না তাঁদের বলেন, গ্রামের লোকেরা কাজ বন্ধ করতে এলে যদি পুলিশ বাধা দেয়। আমি পুলিশকে ধরে আছাড় মারব। এটা মনে রাখবেন।

এই প্রসঙ্গে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, পশ্চিমবঙ্গে এটা নতুন কিছু নয়। এটা তৃণমূলে প্রতিযোগিতায় পৌছে গিয়েছে। কে পুলিশকে আগে মারবে। অনুব্রত শুরু করেছিল। আজ নতুন সংযোজন পুলিশকে আছাড় মারবে বেচারাম মান্না। আসলে কেন্দ্রীয় সরকারের কাজকে বাধা দেওয়ার জন্যে বেচারাম গ্রামবাসীদের উৎসাহিত করছেন।

যদিও এই প্রসঙ্গে জানতে মন্ত্রী বেচারাম মান্নাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তাই তার প্রতিক্রিয়াও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *