আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জল্পেশ মন্দিরে যাওয়ার সময় শর্ট সার্কিটে জখমদের সঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখা করলেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এই ঘটনায় মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত, মৃতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী।

সোমবার বিকেলে বাগডোগরা বিমান বন্দরে নেমে সড়ক পথে সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন মন্ত্রী। জল্পেশ মন্দিরে যাওয়ার পথে গাড়িতে গতকাল রাতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হয় দশজন পূন্যার্থীর। জখম হয় ১৪ জন। সকলের চিকিৎসা চলছিল সুপার স্পেশালিটি হাসপাতালে। ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। পাঁচজনের চিকিৎসা চলছে হাসপাতালে। এদিন মন্ত্রী জখমদের সঙ্গে দেখা করেন এবং কিভাবে দুর্ঘটনা ঘটল তা শোনেন। তিনি মুখ্যমন্ত্রীর বার্তা তুলে ধরেন সকলের কাছে।
মন্ত্রী বলেন, “এই ঘটনা শুনে মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত। তাঁর নির্দেশে জলপাইগুড়িতে এসেছি। সবার সঙ্গে কথা হল। জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। দশজনের মৃত্যু হয়েছে। আজ জলপাইগুড়ি থেকে কোচবিহারে যাচ্ছি। আগামীকাল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করব। রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে। সরকার সকলের পাশে রয়েছে।”

