ফের জঙ্গি হানা কাশ্মীরে, গুলিবিদ্ধ বাংলার পরিযায়ী শ্রমিক

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক। শুক্রবার সকালে পুলওয়ামায় এক বাঙালি শ্রমিকের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। দুটি গুলি লেগেছে তার। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুইট করে এই খবর জানিয়েছে কাশ্মীর পুলিশ।

আহত ওই বাঙালি শ্রমিকের বাড়ি উত্তর দিনাজপুরে। ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্বেগে রয়েছে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার।

উপত্যকায় জঙ্গিদের গুলিতে আহত যুবকের নাম মণিরুল ইসলাম। উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা তিনি। ৪ কন্যা সন্তান রয়েছে তার। রোজগারের আশায় কাশ্মীরে কাজ করতে গিয়েছিলেন তিনি। কাশ্মীর পুলিশের দেওয়া তথ্য বলছে শুক্রবার সকালে পুলওয়ামায় তার ওপর হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়াই লক্ষ্য ছিল তাদের। তবে দুটি গুলি শরীরে লেগেছে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী অপারেশনের পর মণিরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুলওয়ামা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে ঘটনার পর থেকে। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। কাশ্মীরে ফের পরিযায়ী শ্রমিকের উপর সন্ত্রাসবাদী হামলা নিয়ে সরব হয়েছে সেখানকার রাজনৈতিক দলগুলি। এদিকে মনিরুলের উত্তর দিনাজপুরের বাড়িতে দুঃসংবাদ জানার পর থেকে তার পরিবার চরম উদ্বেগে রয়েছে।

এর আগে ২০১৯-এর অক্টোবরে কাশ্মীরের কুলগাঁওতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল পাঁচ বাঙালি শ্রমিকের দেহ। এরা সকলেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা ছিলেন। পুলওয়ামায় মণিরুলের উপর এই হামলার ঘটনায় সেই স্মৃতি আবার ফিরে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *