কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: ঘাটাল মহকুমার বহু মানুষজন এই রাজ্যের বাইরে জীবিকার জন্য থাকেন। স্বর্ণশিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে তারা ভিন রাজ্যে কাজ করেন। করোনা পরিস্থিতির জন্য তারা ভিন রাজ্য থেকে তাদের নিজেদের বাড়িতে ফিরে এসেছিলেন। রাজ্য সরকার একশো দিনের কাজে তাদের নিযুক্ত করার কথা বলেছিলেন। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখাগেছে তারা বাড়িতে থেকে এখনও কর্মহীন। নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারেনি। এই কারণে সেপ্টেম্বর মাসে আনলক ফোর পর্বে দেখা যাচ্ছে তারা আবার তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন।
প্রতিদিনই ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কটক গামী বাসে মানুষজন তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন। দক্ষিণ ভারতে যারা থাকেন তারাও ফিরতে শুরু করেছেন বাসে করে। ইতিমধ্যে প্রায় কয়েক হাজার মানুষ যারা এসেছিলেন তাদের আবার ফিরে যেতে দেখা যাচ্ছে।
কিন্তু এখনো করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনা রোগীর সংখ্যা কমা তো দূরের কথা প্রতিদিনই রেকর্ড ভাঙ্গছে করোনার সংখ্যা। দক্ষিণ ভারতের রাজ্যে করোনা রোগীর শতকরা হার সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে আসা মানুষজন পুরনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন বাধ্য হয়ে, কারণ এখানে তারা রুজি-রোজগার বিহীন। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, তারা তাদের পুরনো কর্মস্থলে ফিরে গিয়ে কতটা নিরাপদে থাকতে পারবেন? আরও প্রশ্ন দেখা দিয়েছে হাজার হাজার মানুষ যদি ফের পুরনো কর্মস্থলে ফিরে যায় তাহলে পরবর্তীকালে আবার তারা ফিরে আসতে বাধ্য হবে না তো? আপাতত তারা কিছুটা ঝুঁকি নিয়েই পেটের তাগিদে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন।

