স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ এপ্রিল: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও। ভয়াবহ অতিমারি করোনার কারণে আবারও হতে পারে লকডাউন। লকডাউনের আশঙ্কায় ভোট দিতে জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা আর ভিনরাজ্যে কাজে যেতে চাইছেন না। তারা চাইছেন গ্রামেই পঞ্চায়েতের মাধ্যমে কোনও কাজের ব্যবস্থা হলে এখানেই কাজ করে জীবন জীবিকা নির্বাহ করবেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যও জানিয়েছেন এইসব ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামেই কাজের ব্যাবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

প্রথম ধাপের করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ার পর উত্তর দিনাজপুর জেলার বহু গ্রামগঞ্জের কর্মঠ পুরুষ ও যুবকরা চেন্নাই, পাঞ্জাব, মুম্বই, দিল্লি, হরিয়ানা সহ ভিনরাজ্যে কাজে ফিরে গিয়েছিলেন। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনে নিজেদের এলাকায় ভোট দিতে তারা ফিরে আসেন গ্রামে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যজুড়ে। গোটা দেশজুড়ে ভয়ানক আকার নিয়েছে করোনার নতুন রূপ। প্রতিদিন হাজারে হাজারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, ঘটে চলেছে মৃত্যুর মিছিলও। তাই আবারও দেশজুড়ে লকডাউনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশকিছু উড়ান ও রেল যোগাযোগ বন্ধ করেছে সরকার। বেশকিছু এলাকায় লকডাউন শুরুও হয়ে গিয়েছে। এই লকডাউনের সময়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। খাওয়াদাওয়ার সমস্যার পাশাপাশি ভিনরাজ্য থেকে নিজের এলাকায় ফিরে আসাই দুরুহ ব্যাপার হয়ে উঠেছিল। অনেক পরিযায়ী শ্রমিককে ভিনরাজ্য থেকে সাইকেল নিয়ে বহু কষ্ট করে ফিরতে হয়েছিল। সেজন্যই এবার ভোট দিতে ফিরে এসে লকডাউনের আশঙ্কায় আর ভিনরাজ্যে কাজে যেতে চাইছেন না পরিযায়ী শ্রমিকরা। তারা চাইছেন গ্রামেই পঞ্চায়েতের মাধ্যমে একশো দিনের কাজ হোক বা অন্য কোনও কাজ করেই জীবিকা নির্বাহ করতে চাইছেন তাঁরা। স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও জানিয়েছেন, এইসব পরিযায়ী শ্রমিকদের গ্রামেই কাজের ব্যাবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে।


