ভোটের আগে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল: নির্বাচন ছাড়া গণতন্ত্রের যাত্রাই হয় না। কারণ, গণতন্ত্রের মূল হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগনের অংশগ্রহন। জনগন রাজ্য পরিচালনায় যুক্ত হন তাঁদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। আর সেই গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পরিযায়ী শ্রমিকরা নিজের কেন্দ্রে ফিরে আসছেন যার যার নিজের বিধানসভা কেন্দ্রে। এমনই ছবি উঠে এল রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের কাচিমুহা গ্রামে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ বা ভোটদান করে তাঁরা আবার ফিরে যাবেন যে যাঁর কাজের জায়গায়।

মূলত শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলা নির্ভরশীল কৃষিকাজের উপরে। এই জেলার অধিকাংশ মানুষই কৃষিজীবী। সারা বছর কৃষিকাজ না থাকায় হাজার হাজার মানুষ শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে পাড়ি দেন। গতবছর লকডাউনের সময় ভিনরাজ্য থেকে হাজার হাজার মানুষ কেউ হেঁটে, কেউ বাসে কেউ আবার ট্রেনে এই জেলায় ফিরে এসেছিলেন। লকডাউন শিথিল হওয়ার পরই তাঁরা আবার ভিন রাজ্যে ফিরে গিয়েছিলেন। আগামী ২২ মে ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের ভোট। তার আগে সমস্ত ভোটারদের ফিরিয়ে আনতে তৎপর শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের কাচিমোহা গ্রামের নাজির মহম্মদ, আকতার হুসেন সহ প্রায় ১৫০ পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরে এসেছেন। ভোট পর্ব মিটলেই আবার তারা ভিন রাজ্যে চলে যাবেন।

ফিরে আসা বাসিন্দারা জানিয়েছেন ভোট দিতেই তারা কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরে এসেছেন। ২২ এপ্রিল ভোট শেষ হলেই তারা আবার ফিরে যাবেন দিল্লি, পঞ্জাব, মুম্বই, হরিয়ানা বা চেন্নাইতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *