নির্দেশ মানছে না পরিযায়ী শ্রমিকরা, বাকসীতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ

আমাদের ভারত, হাওড়া, ২৮ মে: ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা কোনও রকম ডাক্তারি পরীক্ষা ছাড়াই গ্রামে ঢুকে পড়া এবং হোম কোয়ারেন্টাইনের নির্দেশ না মানায় বৃহস্পতিবার দুপুরে বাগনান ১ নং ব্লকের বাকসী গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক বাসিন্দা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল। এদিন বিক্ষোভকারীরা বাগনান বাকসী রোডে ডিএম মোড়ে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, কয়েকদিন আগে বেশ কয়েকজন মানুষ ভিন রাজ্য থেকে বাকসী এলাকায় আসে। গ্রামবাসীদের অভিযোগ, ভিন রাজ্য থেকে আসা এইসব মানুষ কোনও রকম ডাক্তারি পরীক্ষা ছাড়াই ঘরে ঢুকে পড়ে। তাদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা সেই নির্দেশ মানছে না। এমনকি তাদের পরিবারের লোকজন এলাকায় ঘোরাঘুরি করায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিচ্ছে। এদিন বিক্ষোভকারীরা ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখার দাবি জানায়।

প্রসঙ্গত, হাওড়া গ্রামীণ জেলার কয়েক হাজার মানুষ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। সম্প্রতি তারা এই রাজ্যে ফেরা শুরু করেছে। কয়েকদিন আগে ৭৬ জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়ার পরেই এইসব পরিযায়ী শ্রমিকদের নিয়ে আশঙ্কা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *