পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: এবার অবৈধ অটো এবং টোটোর বিরুদ্ধে খোদ রাস্তায় নামল মেদিনীপুর শহর ই- রিক্সা টোটো এবং অটো অপারেটিভ ইউনিয়ন। এদিন কয়েকশো টোটো এবং অটো ড্রাইভার মিছিল করে গিয়ে জেলা শাসকের অফিসে গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন জমা দেন জেলাশাসকের কাছে।
এই টোটো ইউনিয়নের দাবি, শহর ও জেলাজুড়ে প্রতিদিন হাজার হাজার অবৈধ রেজিস্ট্রেশন বিহীন টোটো এবং অটো নামছে রাস্তায়। মূলত একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা মুনাফা লাভের জন্য এক ও একাধিক টোটো অটো কিনে রাস্তায় নামিয়েছে। যার ফলে বৈধ অটো ও টোটো চালকরা সমস্যায় পড়েছেন এবং সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কারণ দিনের পর দিন যাত্রীরা কোনো ভাবেই তাদের টোটোয় উঠছে না, ব্যবসা লসে রান করছে। যার ফলে দিন আনা দিন খাওয়া এই অটো এবং টোটো চালকরা এখন আতঙ্কগ্রস্থ। এই অবস্থায় এদিন তারা বিক্ষোভে অংশগ্রহণ করেন। এই বিক্ষোভ মিছিল গোটা শহর পরিক্রমা করার পর জেলাশাসকের অফিসে এসে শেষ হয়। এই ডেপুটেশনে নেতৃত্ব দেয় সংগঠনের সভাপতি বুদ্ধদেব মহাপাত্র।

