সাথী দাস, পুরুলিয়া, ১৫ আগস্ট: স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে মাঝ রাতে জাতীয় পতাকা উত্তোলন হল পুরুলিয়ায়। পুরুলিয়া কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন হল। পতাকা উত্তোলন করেন সামগ্রিক অঞ্চল উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ মাহাতো। ছিলেন উদ্যোগী জেলা কমিটির চেয়ারম্যান রেবতী রমন টুডু, সভাপতি প্রসেনজিৎ মাহাতো প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব, সংগঠন, সংস্থা, সরকারি অফিস, আদালতেও সকাল থেকেই জাতীয় পতাকা উত্তোলন হয়। আলোক সজ্জায় সেজে ওঠে বিভিন্ন সরকারি অফিস, প্রতিষ্ঠান, স্টেশন।

পুরুলিয়া ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পুলিশ সুপার এস সেলভামুর্গন। সেখানে রক্তদান শিবিরের উদ্বোধন করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক শিবপ্রদানন্দ মহারাজ। পুরুলিয়া রেড ক্রস সোসাইটি, লায়ন্স ক্লাব অফ পুরুলিয়া মানভূম এবং পুরুলিয়া ক্লাবের যৌথ উদ্যোগে দিনটি উদযাপন হয়। পুরুলিয়া শহরের কাছে ছোট বলরামপুর গ্রামে নব কুষ্ঠ নিবাসে আবাসিকদের ফল মিষ্টি তুলে দেন রেড ক্রস সোসাইটির সদস্যরা।

জেলায় রাজনৈতিক দলগুলি মর্যাদার সঙ্গে দিনটি পালন করে। বিভিন্ন সমাজ সেবার আয়োজন করে দলগুলি।


