পার্থ খাঁড়া, ২১ জুলাই: ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা। অস্ত্রসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে গ্রেপ্তার এক যুবক। ধৃত যুবক নূর আলম পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১:৩০টা নাগাদ ঐ যুবক ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি কালো রঙের গাড়ি নিয়ে হাজরা রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়ে আটক হন। তিনি মুখ্যমন্ত্রী বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করছিলেন এবং গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে।
এরপর, শেখ নুর আমিন নামে ঐ যুবকের গাড়িতে তল্লাশি চালিয়ে ভোজালি, আগ্নোয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, যুবক কেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিল তা জানতে কালীঘাট থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। যুবকের কাছে কিছু পরিচয়পত্র ও নথি পাওয়া গিয়েছে।

ছবি: মেদিনীপুরে নূর আলমের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড়।
ধৃত যুবকের শ্বশুরবাড়ি মেদিনীপুর শহরের আলিগঞ্জ কসাইপাড়া এলাকায়। ধৃতের স্ত্রীর দাবি, মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কলকাতায় একুশে জুলাইয়ের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন শেখ নুর। একই সাথে তাঁর দাবি, মানসিকভাবে অসুস্থ ছিলেন নূর। নূরের গাড়ি থেকে যে বন্দুক উদ্ধার হয়েছে তা আসলে লাইটার বলেও দাবি করেন নুর আমিনের স্ত্রী। ধৃত নূর কেন ভুয়ো পরিচয়পত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে গিয়েছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

