স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৩ নভেম্বর:
মিড ডে মিল কর্মীদের ১২ মাসের পরিবর্তে দশ মাসের বেতন দেওয়া হচ্ছে। এই অভিযোগ সহ 10 দফা দাবিতে নদীয়া জেলার সারাবাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করল। শুক্রবার তারা নদীয়া জেলা শাসকের কাছে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দেন।
মিড ডে মিল কর্মীদের ১২ মাসের পরিবর্তে দু মাসের বেতন কেটে দেওয়া হচ্ছে। অজুহাত দেওয়া হচ্ছে পুজোর ছুটি এবং গ্রীষ্মের ছুটিতে দু মাস স্কুলগুলো বন্ধ থাকে। সারাবাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীপক চৌধুরী জানান, যারা এই মিড ডে মিলে রান্নার কাজের সঙ্গে যুক্ত তাদের প্রচন্ড আগুনের মধ্যে কাজ করতে হয়। আর এই কাজের বিনিময়ে তারা পারিশ্রমিক পান মাত্র দেড় হাজার টাকা। তাও দুমাসের বেতন তারা পাননি। অথচ এই কাজের জন্যই হরিয়ানাতে সাড়ে তিন হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে একই কাজের জন্য ১৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। তাই আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি আমাদের কর্মীদের আমাদের কর্মীদের পারিশ্রমিক বাড়াবার জন্য পারিশ্রমিক বাড়াবার জন্য। যেহেতু অন্যান্য রাজ্যে পাচ্ছে এই রাজ্যে কেন পাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তার কোনো উত্তর দেননি। আমরা রাজ্যপাল সহ প্রজেক্ট ডিরেক্টরকেও আমরা চিঠি দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমাদের সারাবাংলা মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন তাই বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশনের কর্মসূচি নিয়েছে। আমরা ও আমাদের দাবি নিয়ে নদীয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে এসেছি। যদি এরপরও সুরাহা না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।

