স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ জানুয়ারি: ন্যূনতম বেতন সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে নদিয়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান নদিয়া জেলা মিড ডে মিল সহায়িকারা। বৃহস্পতিবার বেশ কয়েক দফা দাবি নিয়ে কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় তারা।
উল্লেখ্য এর আগেও একাধিক দাবিতে তারা বার বার প্রশাসনের দ্বারস্থ হয়েছে। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। মিড-ডে-মিল সহায়িকাদের দাবি, তারা দীর্ঘ ১৭ বছর ধরে কাজ করছেন কিন্তু এখনও তাদের কাজের মজুরি হিসেবে দিনে মাত্র ৫০ টাকা। তাদের দাবি, বর্তমান দুর্মূল্যের বাজারে ওই টাকা দিয়ে ১ কেজি চাল কিনতে পারেন না তারা। সেই কারণেই তারা এই আন্দোলনের মধ্য দিয়ে দাবি জানাচ্ছেন, সরকার যে ন্যূনতম বেতন ঘোষণা করেছিল সেই বেতন যাতে তাদের অবিলম্বে চালু করা হয়।
অন্যান্য রাজ্যের থেকে মিড-ডে-মিল সহ তাদের অনেক বেশি টাকা দেওয়া হয়। এর পাশাপাশি গর্ভবতী থাকা অবস্থায় তাদের কোনো ছুটি দেওয়া হয় না, অবিলম্বে ওই ছুটি চালু করতে হবে। চাকরি শেষে এককালীন তাদের ভাতা দিতে হবে। এর পাশাপাশি তাদের লাইফ ইন্সুরেন্স চালু করতে হবে সরকারের পক্ষ থেকে। মূলত এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে বড়োসড়ো আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

