স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ এপ্রিল: অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে মাইক্রোসার্জারি চিকিৎসা পরিষেবা। চলতি সপ্তাহ থেকে রায়গঞ্জ মেডিকেলের রোগীরা এই পরিষেবা পাবেন বলে হাসপাতাল সূত্রে খবর। বিভিন্ন জটিল রোগের অস্ত্রপচার এই মাইক্রোসার্জারির মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
রায়গঞ্জ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত এমএসভিপি চিকিৎসক বিদ্যুৎ ব্যানার্জি জানান, এই সপ্তাহ থেকে রায়গঞ্জ মেডিকেলে এই পরিষেবা চালু হতে চলেছে। এতদিন মেডিকেল কলেজে ওপেন সার্জারির মাধ্যমে অপারেশন হত, তবে এখন থেকে অতি আধুনিক যন্ত্রের সাহায্যে মাক্রোসার্জারি করা হবে। যারফলে একদিকে অপারেশন করতে যেমন যথেষ্ট সময় লাগবে না তেমনি রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুর। যোগাযোগ ব্যবস্থারও যেমন বেহাল অবস্থা তেমনি স্বাস্থ্য পরিষেবাও খুব একটা উন্নতমানের নেই। সেখানে দাঁড়িয়ে এই পরিষেবা চালু হলে জেলা সহ ভিন রাজ্য বিহার এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন।রায়গঞ্জ মেডিকেলে এই পরিষেবা চালু হওয়ায় স্বাভাবতই খুশি রায়গঞ্জবাসী।

