Road blocks, Bankura, মনরেগা সংঘর্ষ সমিতির ডাকে ১০০ দিনের কাজ চালুর দাবি, জাতীয় সড়ক অবরোধ বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ ডিসেম্বর: সাম্প্রতিক রাজ্যে ১০টি খেতমজুর সংগঠন মিলিত ভাবে গঠন করেছে মনরেগা সংঘর্ষ মোর্চা। এই মোর্চার ডাকে আজ সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার কেরানিবাঁধে বিষ্ণুপুর -দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তিন শতাধিক কৃষি মজুর।

মোর্চার পক্ষে বাবলু ব্যনার্জি বলেন, রাজ্যে প্রায় ৪ বছর ধরে চুরির অজুহাতে ১০০ দিনের কাজ বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্ট তার রায়ে ১ আগস্ট থেকে রাজ্যে কাজ চালু করার নির্দেশ দেন। এর বিরুদ্ধে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যায়। সেখানেও সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানিয়ে দেয়, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে। অপরদিকে রাজ্য সরকার বলেছিল, আমরা কর্মশ্রী প্রকল্পে ৫০ দিনের কাজ দেবো। তারও কোনকিছু দেখা নেই। তাই পথ অবরোধ। আমাদের দাবি, “কেন্দ্র – রাজ্য বুঝি না, কাজ চাই -কাজ দাও। কোর্টের রায় মেনে অবিলম্বে রাজ্যে ১০০ দিনের কাজ চালু করো।”

এই একই দাবিতে আগামী ২৩ ডিসেম্বর হাজার হাজার কৃষি মজুর রাজ ভবন অভিযান করবে। তাতেও কাজ চালু না হলে নতুন বছরের প্রথমেই রেল থেকে শুরু করে কেন্দ্রীয় দফতরগুলো অবরোধ করা হবে।

সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে বক্তব্য রাখেন, সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষে বাবলু ব্যানার্জি সহ রাম নিবাস বাস্কে, সারা ভারত খেতমজদুর ও গ্রামীন শ্রমজীবী ইউনিয়নের পক্ষে সাগর বাদ্যকার, ভারতীয় খেতমজুর ইউনিয়নের পক্ষে সর্বানী সিনহা ও সঞ্জু বরাট, সংযুক্ত কিষান সভার স্বপন শর্মা, পশ্চিমবঙ্গ খেত মজুর সমিতির সোমনাথ বাস্কে, এছাড়াও উপস্থিত ছিলেন শহরের শ্রমিক নেতা ভাস্কর সিনহা ও প্রতীপ মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *