আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ ফেব্রুয়ারি: ঐতিহাসিক সংযোগ স্থাপন হল দুটি তীর্থ ক্ষেত্রের। দক্ষিণেশ্বর ও কালীঘাটের সংযোগ স্থাপন হল দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ায়। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত এই যাত্রাপথের সূচনা হল সোমবার। দেশের প্রধানমন্ত্রী দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন।

মেট্রো রেল সূত্রের খবর ঝাঁ চকচকে অত্যাধুনিক দক্ষিণেশ্বর মেট্রো রেল স্টেশন থেকে প্রত্যেকদিন অন্তত ৫০ হাজার যাত্রী যাতায়াত করবে। দক্ষিণেশ্বর মেট্রো রেলের নতুন কোচ এদিন দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত ৪.১ কিমি যাত্রা পথে চলাচল করে। দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ায় বরানগর, কামারহাটি, দক্ষিণেশ্বর প্রভৃতি এলাকার অসংখ্য নিত্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সুবিধা হল। মেট্রো রেল সূত্রের খবর, কালী পুজো, কল্পতরু উৎসব বা অন্যান্য উৎসবের দি গুলিতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে অন্তত ১ লক্ষ যাত্রী যাতায়াত করবে। দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ায় যাতায়াতের নতুন দিগন্ত খুলে গেল বলে মনে করছেন নিত্য যাত্রীরা।


