পুরুলিয়ায় তৃণমূলের সংহতি দিবসে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ধরে রাখার বার্তা

সাথী দাস, পুরুলিয়া, ৬ ডিসেম্বর: সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ধরে রাখার উদ্দেশ্য নিয়ে পুরুলিয়ায় সংহতি দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। আজ পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত একটি সমাবেশে কার্যত সেই বার্তা দেন বক্তারা। তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সেক রহিম বলেন, বিজেপি আমাদের একশ্রেণির মানুষকে নিয়ে রাজনীতি করছে। এটা বুঝতে পেরে ওই দলের সংগঠন ছেড়ে আমাদের সঙ্গে আসছে। সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।

কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক খালিদ এবাদুল্লা বলেন, বিজেপির সংখ্যালঘু মোর্চা নামেই। সেখানে কিছু বলতে দেয় না, কিছু কাজও করতে দেয় না। ওই সংগঠন ভেঙে যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা মাত্র।

এদিনের সমাবেশে যোগ দেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারাও। তাৎপর্যপূর্ণভাবে শেষ পর্যন্ত বক্তাদের কথা শোনেন তাঁরা। দলীয় এই সংগঠনের কর্মসূচিতে জেলা নেতৃত্ব ও অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *