জয় লাহা, দুর্গাপুর, ৬ জুলাই: বন্ধুদের সঙ্গে জন্মদিনে সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক কিশোর। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে দামোদর নদীর ওপর বুদবুদ থানার রণডিহা জলাধারে। পুলিশ সুত্রে জানা গেছে, তলিয়ে যাওয়া যুবকের নাম সায়ন কীর্তনিয়া(১৬)। তার বাড়ি কাঁকসা থানার ডাকবাংলো এলাকায়। দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে সায়ন তার জন্মদিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে রণডিহা জলাধারে ঘুরতে গিয়েছিল। জলস্রোতের কাছাকাছি পাঁচ বন্ধু মোবাইলে সেলফি তুলছিলো। ওইসময় অসাবধানতাবশত তার হাত থেকে মোবাইল ফোনটি জলে পড়ে যায়। তড়িঘড়ি সায়ন মোবাইল ফোনটি উদ্ধার করে ডাঙায় ছুড়ে দেয়। কিন্তু নিজে বেসামাল হয়ে জলের স্রোতে পড়ে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। জলের প্রবল স্রোত থাকায় তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ সম্ভব হয়নি।
আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর
উল্লেখ্য, সোমবার দুপুরে রণডিহা ড্যামের অপরপ্রান্তে বাঁকুড়া সোনামুখি থানা এলাকায় দামোদর নদের জলে তলিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। ওই যুবক পূর্ব মেদিনীপুরে বাসিন্দা ছিলেন। বাঁকুড়াতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

