আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ সেপ্টেম্বর: মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি এক ব্যক্তির বিরুদ্ধে। ওই যুবতী বর্তমানে পাঁচ মাসের গর্ভবতী বলে দাবি পরিবারের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানা এলাকায় ঘটনা।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পরেও উল্টে হুমকি দেওয়া হয়। পুলিশ কোনো সহযোগিতা করেনি। সোমবার জেলা পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানালেন নির্যাতিতার পরিবার।
তাদের দাবি, ৩০ অগস্ট ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ, ঘটনার সুত্রপাত কয়েকমাস আগে। জমিতে কাজ হচ্ছিল সেই সময় প্রায় দিনই খাবার দিতে যেত মানসিক ওই ভারসাম্যহীম যুবতী। সেই সময় গ্রামের এক ব্যক্তি চা বাগানে মানসিক ভারসাম্যহীন যুবতীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এর আগেও পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল অভিযুক্ত ব্যক্তি। এরই মধ্যে কয়েকদিন আগে যুবতী বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরেই প্রকাশ্যে আসে ওই যুবতী গর্ভবতী। থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে পাল্টা হুমকি দেয় বলে অভিযোগ নির্যাতিতার বাবার। তিনি বলেন,”এই কারণে ঘটনার তদন্তের দাবি তুলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি।”
জেলা পুলিশ সুপার বলেন, “পাঁচদিন আগে থানায় অভিযোগ করেছে পরিবার। পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক, তার খোঁজ চলছে।”

