জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: দাসপুরের চেঁচুয়াতে কংসাবতী নদীর তীরে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় ব্রিটিশের গুলিতে শহিদ হওয়া ১৪ জন বিপ্লবীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ৯১ বছর আগে শহিদ হওয়া বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এদিন আরও একটি স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় এবং শহিদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্পদ শ্যামপদ পাত্র এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক।
আইন অমান্য আন্দোলনের সময় দাসপুরের চেঁচুয়া হাটে ব্রিটিশের পুলিশ ১৪ জন স্বাধীনতা সংগ্রামীকে নৃশংস ভাবে গুলি করে হত্যা করে। সেই বীর সংগ্রামীদের প্রতিবছরের মত এবারও শ্রদ্ধা নিবেদন করা হয় বলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন। ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনের সময় সত্যাগ্রহীরা রূপনারায়ণের নোনা জল থেকে লবণ তৈরি করে স্থানীয় পলাশপাই খালের তীরে চেঁচুয়া হাটে তা বিক্রি করার পরিকল্পনা করে। এরপরেই ব্রিটিশ পুলিশ সত্যাগ্রহীদের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি গুলি চালায়। তাতে মৃত্যু হয় ১৪ জন জন সত্যাগ্রহীর।

