অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৪ মার্চ: বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রচলিত সুনির্দিষ্ট পোশাক পরার পক্ষে সরকারি নির্দেশিকার দাবিতে স্মারকলিপি দিল ‘বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ‘।
স্মারকলিপিতে বিদ্যালয় শিক্ষায় পিপিপি মডেলের ভাবনাকে বাতিলের দাবি, বিদ্যালয় শিক্ষাকে বেসরকারিকরণ করার চেষ্টার প্রতিবাদ ও জাতীয় শিক্ষা নীতি ২০২০ প্রনয়ণের দাবি জানানো হয়।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক শুক্রবার এই প্রতিবেদককে জানান, “অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসঙ্ঘের অনুমোদিত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ এবং বঙ্গীয় নবউন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের আহ্বানে তিন দফা দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক শিক্ষক সল্টলেকে করুণাময়ী বাস স্ট্যান্ডে এদিন দুপুরে আসেন। অবস্থান, বক্তব্য, পথসভার পর শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেন।

সমাবেশে বাপিবাবু ছাড়াও ছিলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের রাজ্য সভাপতি আশিষ কুমার মন্ডল, সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক সৈকত মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, রবিকান্ত সাউ সহ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকারা।
রাজ্যের শিক্ষাক্ষেত্রের বর্তমান সমস্যাগুলি নিয়ে রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পোশাক বিতর্ক ইতি টানতে সরকারের নিরপেক্ষ পদক্ষেপ দরকার, বিদ্যালয়ে ইউনিফর্ম পড়তে বলায় একজন প্রধান শিক্ষককে বদলি করা কোনওভাবে মানা যায় না। এছাড়াও বিদ্যালয় শিক্ষায় পিপিপি মডেল চালু করে শিশুদের শিক্ষার অধিকার হরন করা যাবে না। তাই রাজ্যে দ্রুত জাতীয় শিক্ষা নীতি ২০২০ চালু করে ৩-১৮ বছর বয়সের শিশু, কিশোর ও যুবকদের আধুনিক, ডিজিটাল, কর্মমুখী শিক্ষার সুযোগ দেওয়া হোক। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সরকারকে সব রকম সহযোগিতার জন্য প্রস্তুত।

