কোলাঘাটে রূপনারায়ণের জোয়ার জল তুলে আমনচাষ শুরুর দাবিতে সেচ দপ্তরে স্মারকলিপি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ জুলাই: প্রায় এক বছর পূর্বে কাজ শুরু হলেও কোলাঘাটের দেহাটি লকগেট সংস্কারের কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবন মাস শুরু হলেও বর্ষা ঠিকমত না নামায় এখনও এলাকার আমনচাষ ঠিকমত শুরু করা যায়নি। অথচ সেচ দপ্তর লকগেট তোলার বন্দোবস্ত করলে দেহাটি, টোপা-ড্রেনেজ, চাপদা-গাজই, টোপা খালের মাধ্যমে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের প্রায় ৫০টি গ্রামের যে বিস্তীর্ণ এলাকায় রূপনারায়ণের জলে চাষাবাদ হয়ে থাকে, তা শুরু করা যেতে পারে। সেজন্য দেহাটি লকগেটের মাধ্যমে রূপনারায়ণের জোয়ার জল তোলার বন্দোবস্ত করার আবেদন জানিয়ে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজ সেচ দপ্তরের পাঁশকুড়া-১ সাব ডিভিশনের এসডিও নাজেশ আফরোজ- এর নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে।

কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, এখনো বর্ষা ঠিকমতো শুরু না হওয়ায় রূপনারায়ণের জলের মাধ্যমে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের প্রায় পঞ্চাশটিরও বেশি মৌজার বিস্তীর্ণ এলাকায় যাতে চাষের কাজ শুরু করা যায় সেজন্য লকগেট তোলার আবেদন জানিয়ে সেচ দপ্তরের এসডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। অবিলম্বে ওই ব্যবস্থা করা গেলে বিস্তীর্ণ এলাকার চাষবাসের ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে। পাশাপাশি দেহাটি লকগেট সংস্কারের কাজও দ্রুত শেষ করার দাবি জানান নারায়ণবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *