আশিস মণ্ডল, রামপুরহাট, ১৬ অক্টোবর: পুজোয় সরকারি অনুদান নয়। বেকার, পরিযায়ী শ্রমিক এবং বিভিন্ন পেশায় কর্মহীন শ্রমিকদের মাসে ১০ হাজার টাকা করে অনুদান দিতে হবে। এমনই আট দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠাল সারাভারত ফরওয়ার্ড ব্লক। নলহাটি পুরসভার চেয়ারম্যানের মাধ্যমে ওই স্মারকলিপি প্রদান করে তারা।
ফরওয়ার্ড ব্লকের দাবি, গ্রাম এবং শহর এলাকায় ১০০ দিনের কাজকে নূন্যতম ২০০ দিন করতে হবে। কর্মহীন পরিবারে মাথা পিছু রেশনের মাধ্যমে চাল, আটা, ডাল, তেল চিনি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে হবে। কর্মহীন পরিবারগুলিকে স্বনির্ভরতার লক্ষ্যে ভর্তুকি সহ স্বল্প সুদে ব্যাঙ্ক রিণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
দলের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায় বলেন, “করোনা মহামারির কারণে মানুষ অর্থাভাবে ভুগছেন। সব বাড়িতে দুবেলা খাবার জোটে না। সর্বত্র বিনামূল্যে করোনা চিকিৎসা মেলে না। করোনা চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা পুজোয় খয়রাতি দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। আমরা চাই এবছর পুজো হোক উৎসব নয়। কিন্তু মুখ্যমন্ত্রী মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। পুজোর পর করোনা ভয়াবহ আকার নিলে তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে।

