আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ জুন: একটি ডিমের দাম প্রায় সাড়ে ছয় টাকা, কিন্তু মিড ডে মিলে বরাদ্দ একজন পড়ুয়া পিছু মাত্র সাড়ে চার টাকা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি জলপাইগুড়ি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জোনাল কমিটির। কমপক্ষে একজন পড়ুয়ার জন্য মিড ডে মিল বাবদ ১৫ টাকা বরাদ্দ করার দাবি তুলে বিক্ষোভ দেখিয়ে বুধবার সদর বিডিও দফতরে স্মারকলিপি দিলেন সমিতির সদস্যরা৷
অন্যদিকে পড়ুয়াদের নিগ্রহের প্রতিবাদ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি তোলা হয়েছে। এছাড়া সমিতির অভিযোগ, কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ ছিল। রাজ্য সরকার ১৪ কোটি টাকা বরাদ্দ করে স্কুল সংস্কারের জন্য। সেই টাকা বিভিন্ন স্কুলে স্কুলে দেওয়া হয়। কিন্তু বরাদ্দের অর্ধেক টাকাও খরচ করা হয়নি স্কুলের সংস্কারের জন্য বলে অভিযোগ। অন্যদিকে দক্ষিণবঙ্গের সঙ্গে তুলনা করে উত্তরবঙ্গের সব স্কুল বন্ধ করার প্রতিবাদ জানালেন শিক্ষক নেতারা। দ্রুত স্কুল খোলার দাবি তোলা হয়।

