আমাদের ভারত, কলকাতা, ২৬ জুলাই: বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা)-র পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্ত ও অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য-কে স্মারকলিপি দেওয়া হয়। প্রায় ২০০ জন্য শিক্ষক এতে যোগ দেন।
স্মারকলিপিতে লেখা হয়েছে, ”আমরা বিশ্ববিদ্যালয়কে জরুরি ভিত্তিতে আচার্যের উত্তরাধিকার আনানো, স্থায়ী ডিন- এর ব্যবস্থা করার জন্য বলেছি। আমরা দাবি জানিয়েছি, বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সিদ্ধান্ত অনুযায়ী এখনি ইসি, কোর্ট, ফ্যাকাল্টি কাউন্সিলে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও কর্মসমিতিতে পাশ হওয়া পরিবর্তিত স্ট্যাটুট চালু করতে হবে, না হলে আমরা আমাদের নির্ধারিত কাজের বাইরে আর কোনও কাজ করবো না এবং দরকার হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবো।
আমরা লক্ষ্য করছি, বিভিন্ন কুযুক্তি দিয়ে শিক্ষকদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে যাতে শিক্ষকরা তাদের দাবি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে না পারেন। কেউ কেউ কিছু বৈঠকের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ও অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা বন্ধ করার চেষ্টা করছেন।
আমরা বলেছি যদি একজন শিক্ষকেরও এই সুবিধা বন্ধ করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। বিশ্ববিদ্যালয়ের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্ট্যাটাস সংক্রান্ত রেজিস্ট্রার-এর অফিসিয়াল নোটিফিকেশন বের করার দাবি জানানো হয়েছে। সায়েন্স ও আর্টস ফ্যাকাল্টিতে ৪ বছরের নুতন পাঠক্রমের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত পরিকাঠামোর দাবি জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আমাদের দাবিগুলির সাথে সম্পূর্ণ সহমত এবং বেশ কিছু বিষয়ে ১-২ দিনের মধ্যেই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।”

