পড়ুয়াদের ভ্যাকসিনের দাবিতে ছাত্র পরিষদের স্মারকলিপি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জুলাই: ১৮-র ঊর্দ্ধে এবং ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রীদের দ্রুত ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করার দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলাশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে পড়ুয়াদের স্কুলে ক্যাম্প করে ভ্যাক্সিনেশন করানোর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে বলে দাবি করা হয়েছে। 

এছাড়াও, এই করোনার সময়ে যেসব লক্ষ লক্ষ শিক্ষার্থী চাকরির পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পরীক্ষা দিচ্ছে এই মুহূর্তে ভ্যাকসিন না দেওয়া হলে শিক্ষার্থীদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে।

করোনার অস্থির পরিস্থিতি ও লকডাউনে বহু মানুষ কাজ হারিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তাদের পরিবারের কলেজ পড়ুয়াদের যাতে সমস্ত ফি মকুব করা হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে স্মারকলিপিতে।

জেলা ছাত্রপরিষদের সহ সভাপতি অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে জেলা যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ সাইফুল, সহ-সভাপতি শুভাশিস পান্ডা, শহর কংগ্রেস নেতা কৃষ্ণকান্ত দে ও শেখ সৌখিন জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *