আমাদের ভারত, হাওড়া, ২১ জুলাই: হাওড়ার ঘুসুড়িতে বিষাক্ত মদ পান করে ১০ জনের মৃত্যুর ব্যাপারে বৃহস্পতিবার এসইউসিআই (সি)-র তরফে মালিপাঁচঘড়া থানায় এক স্মারকলিপি দেওয়া হয়।
এসইউসিআই (সি)-র তরফে জানানো হয়, বিষাক্ত মদে বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। ঘটনার প্রতিবাদে এবং এমন মদের ঠেক সম্পূর্ণভাবে বন্ধ করা, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসারতদের চিকিৎসার ব্যায়ভার বহন করার দাবিতে দলের হাওড়া জেলা কমিটির উদ্যোগে বিশ্বজিৎ মিত্র, শুকদেব বারিক, কার্তিক শীল, পদ্মলোচন সাহু থানায় উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে দাবি সনদ তুলে দেন।
এসইউসিআই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এই প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, “অত্যন্ত দুঃখজনক এই ঘটনা প্রমাণ করল এই রাজ্য সরকার বিষাক্ত মদ বিক্রি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কত দায়িত্বজ্ঞানহীন। সরকার এক দিকে মদ থেকে রাজস্ব বেশি আদায়ের ব্যবস্থা করছে, অপরদিকে এমন মৃত্যুর ঘটনা জেলায় জেলায় ঘটে চলেছে। আমরা এর তীব্র নিন্দা করছি।”

