সাথী দাস, পুরুলিয়া, ২৫ নভেম্বর: বিড়ি শিল্পকে পুনরুজ্জীবিত করতে পুরুলিয়া জেলা বিড়ি ইউনিয়নগুলির সাথে যুক্ত যৌথ সংগ্রাম কমিটি স্মারকলিপি দিল ঝালদা মহকুমা শাসকের কার্যালয়ে।
এবিষয়ে পুরুলিয়া জেলা বিড়ি কারিগর যৌথ সংগ্রাম কমিটির আহ্বায়ক ভীম কুমার ও জেলা আইএনটিইউসি সম্পাদক নির্মল কুমার জানান, আজ আমরা বাধ্য হয়ে ডেপুটেশন দিই। কারণ রাজ্যের এই সরকার বিড়ি শিল্পকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এতে সমস্যায় পড়বেন জেলার প্রায় দুই লক্ষ বিড়ি শ্রমিক। তাছাড়া ঝালদা শহরে অবস্থিত একটি বিড়ি কোম্পানিতে শ্রম দফতর থেকে বার বার নোটিশ করছে হয়রানি করতে। রাজনৈতিক কারণে এই হয়রানি। ওই কোম্পানির মালিকের স্ত্রী তৃণমূল দল ত্যাগ করেছেন। তাই নানাভাবে হয়রানি করছে। তাই অবিলম্বে সমস্ত নোটিশ প্রত্যাহার করে স্বাভাবিকভাবে কাজ করার ব্যবস্থা করতে হবে।”

এছাড়াও শ্রমিক আন্দোলন গণআন্দোলনে যুক্ত শ্রমজীবী ও শ্রমিকদের নামে যে সকল মিথ্যা মামলাগুলি রয়েছে তা প্রত্যাহার করার দাবি জানান আন্দোলনকারীরা।
ওই দাবি ছাড়াও অবিলম্বে নির্মীয়মান বিড়ি হাসপাতাল চালু, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ মোট ১০ দফা দাবি নিয়ে আজ ঝালদা মহকুমা শাসককে ডেপুটেশন দেয় যৌথ সংগ্রাম কমিটি। দাবি না মানা হলে আগামী ১২ ডিসেম্বর ঝালদা মহকুমায় সাধারণ ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দেওয়া হয় যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যৌথ সংগ্রাম কমিটির অন্যান্য পদাধিকারী ও বিড়ি কারিগররা।

