জাতীয় সড়কে হাইমাস্ট লাইট ও সিসি ক্যামেরা লাগানো, দেউলবাড়ে বাস স্টপেজের দাবিতে স্মারকলিপি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ জানুয়ারি: ১৬ নম্বর জাতীয় সড়ক (মুম্বাই রোড)- এর কোলাঘাট ব্লকের অন্তর্গত জিঞাদা, দেউলবাড়, পদমপুর, জেলেপাড়া, বরদাবাড় বাজার সংলগ্ন এলাকায় হাইমাস্ট লাইট লাগানো, বাকি অংশে স্ট্রিট লাইট এবং ওই এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সিসি ক্যামেরা লাগানো সহ দেউলবাড়ে সবিতা রাইস মিল সংলগ্ন এলাকায় বাস স্টপেজ দেওয়ার দাবিতে দেওয়া হলো স্মারকলিপি। “নাগরিক সুরক্ষা কমিটি”র পক্ষ থেকে আজ বিকেলে কোলাঘাট ব্লকের বিডিও’র কাছে এক হাজারের বেশি মানুষের গণ স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক ও যুগ্ম সম্পাদক শুভাশীষ মন্ডল প্রমুখ।

নারায়ণবাবু বলেন, গত ২০ নভেম্বর ওই এলাকায় রাত পৌনে ন’টায় এক স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া খুন হয়েছিলেন। পুলিশ সাতদিন পর হাওড়ার শ্যামপুরের বাসিন্দা ইশা হক নামে এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে। কিন্তু দেড় মাস পার হয়ে গেলেও বাকিরা এখনো অধরা। ওই ঘটনার সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার সহ উপরোক্ত দাবিতে এলাকার সর্বস্তরের জনসাধারণ “নাগরিক সুরক্ষা কমিটি” গঠন করে আন্দোলন চালাচ্ছেন। কমিটির পক্ষ থেকে আগেই বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়। আজ জেলা শাসককে দেওয়ার জন্য গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হল বিডিও’কে। অন্যদিকে আজ কোলাঘাট থানার ওসি’র সঙ্গে এই কমিটির পক্ষ থেকে ফের দেখা করে এক প্রতিনিধি দল।

ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ জানান, জেলা শাসকের উদ্দেশ্যে দেওয়া ওই স্মারকলিপি প্রয়োজনীয় সুপারিশ সহ আগামীকালকই পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *