জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন:
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের জাড়াগ্রাম এবং হীরাধরপুর গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছিল দুজনেরl মৃতদের নাম অরুন মন্ডল ও অর্চনা রায়l আজ বুধবার তাদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন চন্দ্রকোনার বিধায়ক অরুপ ধাড়াI
বিধায়কের সঙ্গে ছিলেন চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই দুই পরিবারের সদস্যদের হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়। গত সোমবার দুপুরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সময় মাঠে তিল তুলতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাড়া গ্রামের বছর ৪০ এর অরুণ মন্ডল ও হীরাধরপুর গ্রামের বছর ৩৫ এর অর্চনা রায়ের। দুই মৃতের পরিবারে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে, তাদের সরকারি সহযোগিতার পাশাপাশি চন্দ্রকোনার বিধায়ক অরুপ ধাড়া
ব্যক্তিগত ভাবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানান।
এদিন বিধায়কের সাথে প্রশাসনের আধিকারিকদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুই মৃতের পরিবারের সদস্যরা। তাদের আর্থিক সাহায্যের পাশাপাশি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়l সরকারের পক্ষ থেকে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে বলেও ওই দুই পরিবারকে জানিয়ে দেন স্থানীয় বিধায়ক। উল্লেখ্য, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে ২৭ জন প্রাণ হারিয়েছেন। তা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করে কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেনl একই ভূমিকা নিয়েছে রাজ্য সরকারও। খুব শীঘ্রই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকোনাতেও মৃতদের পরিবারের সঙ্গে তার দেখা করার সম্ভাবনা রয়েছেl যদিও এখনও নির্দিষ্ট ভাবে তারিখ জানানো হয়নি।

