স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৭ জুলাই:
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পিছু ৩০ হাজার টাকা করে কাটমানি নিচ্ছে বর্তমানের তৃণমূল পৌর প্রশাসক মন্ডলীর সদস্য। বিভিন্ন এলাকায় লেখা এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্তের দাবি করেছেন পৌর প্রশাসক সদস্য শাহজাহান শেখ। ঘটনায় শাসক দলকে কটাক্ষ বিজেপির। নদীয়ার শান্তিপুর পৌরসভার এলাকার ঘটনা।
সূত্রের খবর শান্তিপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে সকাল থেকেই বিভিন্ন পোস্টার চোখে পড়ে সাধারণ মানুষের।যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পিছু গরিব মানুষদের কাছ থেকে কখনো কুড়ি হাজার টাকা আবার কখনো ৩০ হাজার টাকা নিচ্ছে বর্তমান পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য শাহজাহান শেখ। তার তীব্র নিন্দা জানাই। স্বচ্ছ তৃণমূলের নামে এই পোস্টটার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে শান্তিপুর এলাকায়।

শাহজাহান শেখের দাবি, এটা তৃণমূলের অপর গোষ্ঠীর চক্রান্ত। যেহেতু আমি অজয়দের ঘনিষ্ঠ এবং তাঁর মৃত্যুর পর শক্ত হাতে তৃণমূল কংগ্রেস দলটাকে সামলাচ্ছি, সেই কারণেই অপর এক গোষ্ঠীর চক্ষুশূল হয়ে উঠেছি আমি। এর আগেও আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে চক্রান্ত করা হয়েছে, যাতে আমি নিজের জায়গা থেকে সরে দাড়াই।
অন্যদিকে শান্তিপুর শহর তৃণমূল সভাপতি অরবিন্দ মৈত্র বলেন, এর আগেও এই আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে শান্তিপুর পৌরসভায়। সেই কারণে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আমি চাইছি যার বিরুদ্ধে পোস্টার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করুন এবং প্রশাসন সঠিক তদন্ত করুক।

এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, কাটমানির টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এর আগেও আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে শান্তিপুর পৌরসভায়।

