জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জুন: খড়্গপুর গ্ৰামীনের বড়কোলো সাত নম্বর অঞ্চলের অন্তর্গত শ্যামরাইপুর গ্ৰামে একটি শিবিরের মাধ্যমে শতাধিক দুঃস্থ পরিবারের মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।

বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডলকে এই এলাকার মানুষের অসহায়তার কথা জানান। সংস্থার সদস্যরা ঠিক করেন ঐ এলাকায় গিয়ে সার্ভে করে প্রকৃত অবস্থা পর্যালোচনা করার। সেই মতো সংস্থার চেয়ারম্যান গৌতম কুমার ভকত, সভাপতি দিলীপ মান্না এবং কোষাধ্যক্ষ সৌরাশিষ সিংহ শ্যামরাইপুর গ্ৰামে গিয়ে সার্ভে করে একটি তালিকা তৈরি করেন। একাজে সহযোগিতা করেন পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের রাজ্য সভাপতি ঐ গ্ৰামের বাসিন্দা সনাতন বাগ। সেই তালিকা ধরে আজ শতাধিক দুঃস্থ ও যসে ক্ষতিগ্ৰস্ত পরিবারের হাতে চাল, আলু, মুড়ি, চানাচুর, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সোয়াবিন, লবণ, ভোজ্যতেল, বিস্কুট, ছাতু, মোমবাতি, দেশলাই, স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি ত্রাণসামগ্রী তুলে দিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যারা।

ত্রাণকার্যে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল, সদস্য সঙ্গীতা সিংহ, মৌসুমী মান্না, সুতপা দত্ত, আল্পনা ভুঁইঞা, সুব্রত মহাপাত্র, শম্পা মন্ডল, সুমন চ্যাটার্জি, সুলেখা কর, বনানী ফৌজদার, মৈত্রী রায় চৌধুরী, শিপ্রা সরকার। আর্থিক ভাবে মানবিক কাজে সাহায্য করেছেন সারদা আশ্রম বড়বাজার, উদ্যোগপতি চন্দন বোস, অভিজিৎ মহাপাত্র, রাজ মহাপাত্র, রাজা সরকার প্রমুখ।

