সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৩১ জানুয়ারি: বাঁকুড়া শহর সংলগ্ন পুরন্দরপুরে ভিজ্ঞেশ্বর সিমেন্ট কারখানা দীর্ঘ তিন মাসের অধিক কাল বন্ধ। কর্মীদের বেতন ও বকেয়া পড়ে আছে। এই অবস্থায় শ্রমিকরা দিশেহারা। অবিলম্বে বন্ধ কারখানা চালু করা এবং অসহায় শ্রমিকদের রক্ষা করার দাবি জানিয়ে আজ বন্ধ কারখানা প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়।
কারখানায় কর্মরত চল্লিশ জন শ্রমিক কর্মচারির বিগত তিন মাসের মজুরি ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে।কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখে চলে গেছে। এদিকে কাজ হারিয়ে দিশেহারা শ্রমিকরা। অসহায় শ্রমিকদের রক্ষা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করতে আজ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ক্ষুদ্র সিমেন্ট শিল্প শ্রমিক ইউনিয়নের(সিআইটিইউ) ডাকে কারখানা প্রাঙ্গনে শ্রমিক কর্মচারিদের এক সভা অনুষ্ঠিত হয়।
সিআইটিইউ’র বাঁকুড়া জেলার অন্যতম সহ-সভাপতি প্রতীপ মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ’র বাঁকুড়া জেলা সম্পাদক সৌমেন্দু মুখার্জি, সহ-সম্পাদক উজ্জ্বল সরকার, কারখানা কমিটির সম্পাদক অমলেশ চট্টরাজ ও এলাকার গণ আন্দোলনের নেতা সন্দীপ সিংহ। এদিনের সভায় অসহায় শ্রমিকদের রক্ষা করতে সরকার তথা শ্রম দপ্তরকে সদার্থক ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

