আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর:
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ এবং সমবায় দপ্তরের স্থায়ী সমিতির আজ ‘বর্ধিত বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে জেলার গণবন্টন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি, জেলার খাদ্য সরবরাহের ক্ষেত্রে উদ্ভূত সমস্যাগুলি সম্পর্কে বিশদে আলোচনা করা হয়।
পরে জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ বিভাগের কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি জানান, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তির বিষয়টি বৈঠকে আলোচিত হয়েছে এবং জেলাশাসকের কার্যালয়ে একটি স্থায়ী আধার পুনর্নবীকরণ কেন্দ্র গঠন করা হয়েছে, যার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।

