জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুন:
মঙ্গলবার দাঁতন ২ ব্লকের বাঘুই খাল সংলগ্ন খাকুড়দার ভগবতীদেবী শিক্ষা প্রতিষ্ঠানে কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা চর্চা কমিটির একটি সভা ও অভিমুখীকরণ হয়। সভার শুরুতে প্রতিষ্ঠানে অবস্থিত ভগবতীদেবীর আবক্ষ মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সভায় বার্তা দেওয়া হয়- আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখলে বাংলা ভাষার ভান্ডার গড়ে উঠবে। প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী পড়ুয়াদের আঞ্চলিক ভাষা সম্পর্কে আগ্রহী করে তোলা হয়। হারিয়ে যেতে বসা আঞ্চলিক ভাষা সম্পর্কে তারা মতামত ব্যক্ত করে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষের হাতে কমিটির মুখপত্র ‘ছামুদুয়ার’ পত্রিকার দ্বিতীয় সংখ্যা তুলে দেওয়া হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও লেখক ড: মধুপ দে, সংস্থার সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব যুগজিৎ নন্দ, অধ্যক্ষ ড: সিদ্ধার্থ শংকর মিশ্র, সংস্থার কার্যকরী সভাপতি অমিত কুমার সাহু সহ কমিটির অন্যান্য সদস্যরা।


