সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ মে: প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল হলো অভিষেকের সভা। আজ সিমলাপালে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝপথেই আটকে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তবে সভার পরিবর্তে রোড শো করে বাজিমাত করেন অভিষেক।
জনজোয়ার কর্মসূচিতে বাঁকুড়ার সোনামুখীতে থাকাকালীন সিবিআইয়ের তলব পেয়ে মাঝপথেই কর্মসূচি স্থগিত রেখে কলকাতা রওনা দেন।সোমবার থেকে ফের নবজোয়ার কর্মসূচি শুরু করেন বাঁকুড়ার ইন্দাস থেকে। আজ মঙ্গলবারও বাঁকুড়ায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিমলাপালে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় প্রাকৃতিক দুর্যোগ। এদিন বিকেলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় জেলাজুড়ে। দুর্যোগের জেরে সিমলাপাল যাওয়ার পথে তালডাংরায় আটকে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। বেশ কিছুক্ষণ সেখানে আটকে পড়েন অভিষেক। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই বৃষ্টি মাথায় নিয়ে সিমলাপাল পৌঁছোন তিনি। তবে তখনও কালো মেঘে ঢাকা ছিল আকাশ, বৃষ্টিও থামেনি। যার জেরে বাতিল করতে হয় সভা।
সভা বাতিল হয়ে গেলেও এদিন সিমলাপালে প্রায় ১ কিলোমিটার রোড শো করেন অভিষেক। রাস্তার দুধারে ছিল মানুষের ভিড়। অভিষেককে দেখতে, তাঁর কথা শুনতে অপেক্ষা করছিলেন সকলেই। গাড়ির ছাদে উঠে এদিনও জনসংযোগ সারেন অভিষেক। কথা বলেন আমজনতার সঙ্গে। এরপর খাঁতড়ার উদ্দেশ্যে রওনা হন অভিষেক। সেখানেও রোড শো করে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

