জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ অক্টোবর: ঠান্ডা পড়েছে তবুও আইসক্রিম বিক্রির অজুহাতে মেদিনীপুর শহরে দেদার বাজি বিক্রির অভিযোগ উঠেছে। শহরের অলিতে গলিতে সাইকেলে কাঠের পেটি নিয়ে নিয়ে ঘুরছে আইসক্রিম বিক্রেতা। সুযোগ বুঝে চোখে চোখে কথা হওয়ার পরই পেটি থেকে প্লাস্টিকে মোড়া সবুজ সুতলিতে বাঁধা চকলেট বোমা বেরিয়ে আসছে। টাকা নিয়ে চুপচাপ বাজি হস্তান্তর হয়ে যাচ্ছে বলে অভিযোগ।
আদালতের কড়া রায়ের পর শনিবার থেকে পুলিশ মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ বাজির সন্ধানে হানা দিচ্ছে ঠিকই তবুও পুলিশের চোখে ধুলো দিয়ে এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের একটি অংশে।

“জানাগেছে এই পদ্ধতি নাকি বেশ কয়েক বছরের রপ্ত করা। হাঁক মেরে এই পদ্ধতিতে বাজি বিক্রি হয় না। বাজির ক্রেতারা আগে থেকেই জানেন, আইসক্রিম বিক্রেতার ছদ্মবেশে ঠিকই আসবে বাজি বিক্রেতা। খুবই গোপনীয়তার সঙ্গে বিশ্বস্ত ক্রেতার হাতে তুলে দেওয়া হয় এই বাজি। এক ক্রেতার কাছ থেকে খবর পান আরেক ক্রেতা।
পুলিশ বাজির সন্ধানে বাজারে তল্লাশি চালায়, বাজি বাজেয়াপ্ত করে অথচ কিভাবে কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজোয় শহর বাজির শব্দে কেঁপে ওঠে, বাতাস ভারী হয় বারুদের গন্ধে। শনিবার কিছু মানুষের হাতে চলে আসা গোপন ক্যামেরার ছবিতে সেই রহস্যটা স্পষ্ট হয়েছে।

