রাজেন রায়, কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: রাজ্যে চিকিৎসক অধ্যাপক নিয়োগে বড়সড় দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ উঠল। আর এই অভিযোগ তুলেছে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম। আবেদনপত্রে ভিন্ন নিয়মের কথা বলা হলেও নিয়োগ তালিকা বেরনোর পর দেখা গিয়েছে, ৬৪৭ জন চিকিৎসক অধ্যাপকের নিয়োগ তালিকায় একই চিকিৎসকের নাম ওই তালিকায় ভিন্ন ভিন্ন বিভাগের বিশেষজ্ঞ হিসেবে রয়েছে। আর এই ক্রটিপূর্ণ তালিকার ফলে অনেক যোগ্যতম প্রার্থী চেষ্টা করেও সুযোগ পাননি।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে শিক্ষক চিকিৎসক নিয়োগের যে তালিকা বেরিয়েছে (মেডিসিন, সার্জারি ইত্যাদি ক্লিনিক্যাল সাবজেক্টে আরএমও/অ্যানাটমি, ফিজিওলজি ইত্যাদি প্রি-বা-প্যারা-ক্লিনিক্যাল সাবজেক্টে ডেমোন্সট্রেটর) তাতে দেখা যাচ্ছে মোট ৬৪৭ জন চিকিৎসককে নিযুক্ত করা হয়েছে। ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, মন্ত্রীর আত্মীয় একজন চিকিৎসক আলাদা আলাদা মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগে মোট ১৩টি নিয়োগপত্র পেয়েছেন। আরেকজন প্রার্থী মোট তিনটে নিয়োগপত্র পেয়েছেন। আরেকজন সবে এমডি পাশ করে মোট ৬টি সুপার স্পেশালিটি বিভাগে নিযুক্ত হয়েছেন কোন সুপার স্পেশালিটি ডিগ্রী (ডিএম/এমসিএইচ) ছাড়াই, অথচ অনেক ডিএম/এমসিএইচ ডিগ্রীধারী ডাক্তার ইন্টারভিউ দিয়েও প্রত্যাখ্যাত হয়েছেন। সদ্য এমবিবিএস পাশ করা দুই হাউসস্টাফ একাধিক বিভাগে নিযুক্ত হয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ড তাদের নিজেদের বিজ্ঞপ্তি নিজেরাই লঙ্ঘন করেছে। ২০২০ সালের ৯ অক্টোবর ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ড একটি বিজ্ঞাপন প্রকাশ করে। ৪৭টি বিষয়ে ডেমনস্ট্রেটর/ক্লিনিক্যাল টিউটরের মোট ৮৯১টি পদে নিয়োগের জন্য ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে বলা হয়। ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছিল এমবিবিএস হতেই হবে। কিন্তু পোস্ট গ্রাজুয়েট (এমডি/এমএস) বা পোস্ট ডক্টরাল (ডিএম/এমসিএইচ) ডিগ্রি থাকলে বেশি গুরুত্ব পাওয়া যাবে। এছাড়া গ্রামাঞ্চলে অন্তত দুই বছর কাজ করলে অগ্রাধিকার পাওয়া যাবে। এটাও বলা হয়েছিল, একজন প্রার্থী একটি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। একাধিক বিষয়ের জন্য আবেদন করলে শেষ আবেদনটি গ্রাহ্য হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই বিষয়টি গ্রাহ্য করা হয়নি। এর ফলে বহু যোগ্য, উচ্চশিক্ষিত প্রার্থীকে বঞ্চিত হতে হয়েছে।
এই অভিযোগের উত্তরে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রবীরকুমার শূর জানিয়েছেন, একজন এমবিবিএস একাধিক বিভাগে আবেদন করতে পারেন। তবে তাঁর নিয়োগ হবে একটিমাত্র বিভাগেই।’ সেক্ষেত্রে পরবর্তী লিস্টে থাকা চিকিৎসকরা কি সুযোগ পাবেন? সেই বিষয়ে কিছু স্পষ্ট বলতে চাননি প্রবীর বাবু। হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব তুষার পাঠক জানিয়েছেন, ‘আবেদন করতে স্পেশালাইজড ডিগ্রি লাগে না। সাধারণ এমবিবিএস-রাও একাধিক পদে আবেদন করতে পারেন। প্রতিবারই এমন ঘটনা ঘটে। নতুন কিছু নয়।’

