সকল দর্শনার্থীদের জন্য আজ থেকে খুলে গেল মায়াপুর ইসকন মন্দির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ জুন:
করোনার প্রকোপ রাজ্যে যখন বাড়বাড়ন্ত ঠিক তখন থেকেই বন্ধ হয়ে গিয়েছিল দর্শনার্থীদের জন্য মায়াপুর ইসকন মন্দিরের দরজা।দীর্ঘদিন লকডাউন চলার পর রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ার সুবাদে আজ থেকে খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য ইসকন মন্দিরের দরজা।আজ থেকে মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলেও ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একাধিক বিধি-নিষেধ জারি করা হল। আজ থেকে প্রবেশ করতে পারবেন একসঙ্গে ৫০ জন দর্শনার্থী। তার বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরে এমনটাই জানালেন ইসকন মন্দির কর্তৃপক্ষ। তবে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। পারস্পারিক দূরত্ব বজায় রেখেই মন্দিরে প্রবেশ করতে পারবেন।

মন্দিরে প্রবেশের ব্যবস্থায় খুশি ভক্তবৃন্দ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও। দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন ইসকন মন্দির চত্বরের ব্যবসায়ীরা। একাধিক মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে এই ইসকন মন্দিরকে কেন্দ্র করে। যদিও এখনও পর্যন্ত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় খুব বেশি বেচাকেনা আশা করছেন না তারা। মন্দির কর্তৃপক্ষ জানান ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হয়ে গেলে আবার পুনরায় আগের মতোই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *