আমাদের ভারত, ১৭ আগস্ট : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নব নিযুক্ত সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সোমবার দায়িত্ব গ্রহণের পরই ইঙ্গিত দিলেন পরীক্ষার নিয়ম বদলের। এবার ২ ভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে, সঙ্গে আসতে পারে অন্যান্য পরিবর্তন। একাধিক ছোট পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়নের পক্ষপাতি বলে তিনি জানিয়েছেন।

গত সপ্তাহেই দুটি ভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সেই পরিকল্পনাকে আরও একধাপ এগিয়ে দিলেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানাননি। এখনও পর্যন্ত পরিকল্পনাটি প্রাথমিক আলোচনার মধ্যেই রয়েছে, এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। দেশ এবং বিশ্বের অন্যান্য উন্নত শিক্ষা ব্যাবস্থার তূলনামূলক বিচার এবং পর্যালোচনা করেই নতুন নিয়ম আনা হবে বলে জানিয়েছেন তিনি। চিরঞ্জীব ভট্টাচার্যের মতে ” একটি পরীক্ষা না করে, পর্যায়ক্রমিক পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীর মেধার মুল্যায়ন আরও বেশি সুক্ষ্ম হবে।”।
প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষা সংসদ, সিবিএসই এবং আইসিএসই বোর্ড এই পন্থা গ্রহন করেছে। দুটি পরীক্ষা হবে দুই রকম ভাবে। ফলে দুটি দফায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং দুটি ফলাফলের ওপর ভিত্তি করেই চূড়ান্ত ফলাফল তৈরী করা হবে।
একইভাবে কেন্দ্রের মত না হলেও একটি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে চাইছে না শিক্ষা সংসদ এবং শিক্ষা দপ্তর। পরীক্ষা প্রক্রিয়ায় আধুনিকতার প্রয়োজন যাতে দেশে এবং বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কোন অসুবিধা না হয়। এছাড়া পর্যায়ক্রমিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একটি ধারাবাহিক অনুশীলন ও মুল্যায়নের মধ্যে থাকবে তাতে তাদের মান আরও উন্নত হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

