এখন এক পা পিছোলেও আগামী দিনে সরকার আবারও এগোবে, বিতর্কিত কৃষি আইন ফেরত আনার ইঙ্গিত কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: কৃষি আইন এই মুহূর্তে প্রত্যাহার করা নেওয়া মানে সংস্কারের পথ বন্ধ করে দেওয়া নয়। প্রয়োজনে আবারও ফিরিয়ে আনা হতে পারে এই ধরনের আইন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের এই মন্তব্যে কৃষি আইন আবার ফেরাতে মোদী সরকার বলে মনে করা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেছেন, “কৃষি আইন নিয়ে সরকার এখন পিছিয়ে এসেছে কিন্তু আগামী দিনে আমরা এই আইন নিয়ে আবারও এগোবো।”

শুক্রবার মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন,” আমরা কৃষি আইনে সংশোধনী আনলাম। স্বাধীনতার ৭০ বছর পর এটা একটা বিরাট বড় সংস্কারমূলক পদক্ষেপ। কিন্তু কিছু মানুষ এই আইন পছন্দ করেনি। তবে সরকার তাতে হতাশ নয়। আমরা হয়তো এক পা পিছিয়ে এসেছি। কিন্তু সময় হলে আমরা আবার সামনে পদক্ষেপ করব। কারণ কৃষকরাই দেশের মেরুদন্ড।

কৃষি মন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, পরিস্থিতি বুঝে আগামী দিনে এই আইন ফেরাতে পারে মোদী সরকার। গুরু পূর্ণিমার দিন আচমকাই বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সংসদের শীতকালীন অধিবেশনে বিল এনে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করেছে মোদী সরকার। কেন্দ্রের এই পদক্ষেপে অনেকেই চমকে গিয়েছিল। কারণ এই ঘোষণা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

তবে নরেন্দ্র সিং তোমরের এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে তাহলে কি কৃষকদের শান্ত করতে আপাতত সমাধান সূত্র হিসেবে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? পরবর্তীকালে সত্যিই কি তিন বিতর্কিত কৃষি আইন আবার আনা হতে পারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *