গঙ্গায় ভাসছে শয়ে শয়ে করোনা আক্রান্ত মৃতদেহ, আতঙ্কে মানুষ, ব্যাপক মন্দা উত্তরবঙ্গের বৃহত্তম মাছের আড়ত মোহনবাটি বাজারে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ মে:
মাছের বাজার খাঁ খাঁ করছে, নেই মাছের খদ্দের। কারণ একটাই উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় ভাসছে শয়ে শয়ে করোনা আক্রান্তদের মৃতদেহ। ভয়ে আতঙ্কে নদীর মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন বাঙালি। রায়গঞ্জ শহরের উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মাছের আড়তে মোহনবাটি বাজারে তাই ব্যাপক মন্দা চলছে। মাছের বাজারেও নেই ক্রেতা ও বিক্রেতা। কিভাবে দিন গুজরান হবে এই আশঙ্কাতেই রায়গঞ্জ মোহনবাটি বাজারের মাছ ব্যাবসায়ীরা। ক্রেতা বিক্রেতা উভয়েই জানালেন গঙ্গায় শবদেহ ভেসে আসার ছবি টিভির পর্দায় দেখেই মানুষ আতঙ্কিত। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন মৎস্য ব্যাবসায়ীরা।

বেশ কিছুদিন ধরে টিভি খুললেই সংবাদের চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে শয়ে শয়ে করোনা আক্রান্ত মানুষের মৃতদেহ ভেসে চলেছে গঙ্গা নদীর বুক দিয়ে। নদীর উপর দিয়ে করোনা আক্রান্তদের মৃতদেহ ভেসে আসার ঘটনা প্রত্যক্ষ করতেই সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন মৎস্য ব্যাবসায়ী থেকে মৎস্যপ্রেমী বাঙালিরা। কথায় আছে বাঙালি মাছ ছাড়া ভাত খাওয়ার কথা ভাবতেই পারে না। সেই বাঙালি থেকে বাংলার মানুষ গঙ্গার উপর দিয়ে ভেসে আসা মৃতদেহের দৃশ্য দেখে আতঙ্কে মাছ খাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছেন। সেই দৃশ্যই দেখা গেল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের বৃহত্তম বাজার মোহনবাটি বাজারে। বিশাল মাছের আড়তে নেই পাইকারি মৎস্য বিক্রেতাদের আনাগোনা। তেমনই ছবি দেখা গেল খুচরো মাছের বাজারে যেখানে মাছ প্রিয় বাঙালি মাছ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। সেই বাজার একেবারে খালি। ৭০ শতাংশ মাছ বিক্রেতাই তাঁদের দোকান বন্ধ রেখেছেন।

আড়তদারেরা জানালেন, গঙ্গায় করোনা আক্রান্ত মৃতদেহ ভেসে আসা দেখার পর সাধারণ মানুষ নদীর মাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ভয়ে আতঙ্কে মানুষ মাছ খাচ্ছেন না যেমন তেমনি ওইসব জায়গা থেকে আর মাছও আসছে না শহরে। ফলে তাদের ব্যাবসা বন্ধ হওয়ার মুখে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন খুচরো মাছ ব্যাবসায়ীরা যারা রোজ মাছ বিক্রি করে দুপয়সা রোজগার করতেন। মাছ বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় তারা সংসার প্রতিপালন কর‍তেই চরম সমস্যার সন্মুখীন হয়েছেন।

বাজারে আসা এক ক্রেতা জানালেন কিভাবে তারা মাছ খাবেন। টিভির পর্দায় গঙ্গায় ভেসে যাওয়া করোনা আক্রান্তদের মৃতদেহ দেখার পর ভয়ে ও আতঙ্কে মাছ খাওয়াই বন্ধ করে দিয়েছেন। ফলে রায়গঞ্জের অন্যতম বাজার মোহনবাটি বাজারের মাছের আড়ত থেকে খুচরো মাছ ব্যাবসায়ীরা চরম সঙ্কটের মুখে পড়েছেন। দাবি উঠেছে সরকার থেকে প্রয়োজনীয় সাহায্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *