আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ অক্টোবর: হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ল সোদপুর স্টেশন চত্বরে। সোমবার সকাল দশটা নাগাদ আরপিএফের অফিসাররা এসে সোদপুর স্টেশন চত্বরে থাকা হকারদের দোকান উচ্ছেদ হবে বলে ঘোষণা করে। সেই ঘোষণা শুনে মাথায় হাত পড়ে যায় সোদপুর স্টেশন চত্বরে ব্যবসা করা ২২৫ জন হকারের। সঙ্গে সঙ্গে সোদপুর স্টেশন চত্বরে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়। রেলের এই নির্দেশের বিরুদ্ধে ও হকার উচ্ছেদ আটকাতে এই বিক্ষোভ। তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসি ও
সিআইটিইউ নেতা কর্মীরাও এই বিক্ষোভে সামিল হয়। তারা একসাথে ও এক যোগে সোদপুর স্টেশন
চত্বরজুড়ে বিক্ষোভ আন্দোলন করতে থাকে।

সোদপুরের হকার ব্যবসায়ীদের অভিযোগ, আরপিএফের অফিসাররা বিনা নোটিশে সোমবার হকার উচ্ছেদ করতে আসেন। পাশাপাশি তাদের আরও অভিযোগ, সোদপুর স্টেশন চত্বরে ব্যবসা করা ২২৫ জন হকার রয়েছেন তাদের এখান থেকে ওঠানোর চক্রান্ত আরপিএফ অফিসারেরা করছেন।তাদের বক্তব্য, একদিকে মানুষ করোনাতে সমস্যায় রয়েছেন, তার মধ্যে হকারদের উচ্ছেদ করা হলে তারা না খেতে পেয়ে মারা যাবেন। তাই এই উচ্ছেদ করা যাবে না।”
এদিন আন্দোলনকারী হকাররা জানান, “যদি এরকম ঘটনা চলতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। শুধু তাই না প্রয়োজনে আমরা আমাদের পরিবার সহ রেল লাইনে শুয়ে পড়বো, প্রাণ দিয়ে দেব কিন্তু আমাদের দোকান ব্যবসা উচ্ছেদ হতে দেব না।”

