স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর,
১৭ সেপ্টেম্বর: জমি দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ থেকে সংঘর্ষ। আর এর জেরে মৃত্যু হল ১ জনের। আহত দু’পক্ষের ১০ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম আরশাদ আনসারি (৩০)। গুরুতর যখম অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতুন গ্রামপঞ্চায়েতের গোপালপুর গ্রামের আরশাদ আনসারি ও তার প্রতিবেশী ভতুয়া আনসারির সঙ্গে একটি জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। আরশাদের পরিবারের দাবি, তাদের জমিতে ঘর তৈরিতে বাধা দেয় ভতুয়া আনসারি ও তার দলবল। এনিয়ে উত্তেজনা তৈরি হলে আচমকাই ভতুয়া আনসারি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সমেত একদল দুষ্কৃতিদের নিয়ে এসে আরশাদের পরিবারের উপর চড়াও হয়। এলোপাথাড়ি বোমাবাজির সঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আরশাদ সহ তার পরিবারের আরও প্রায় সাতজন।

পালটা আবার আরশাদের পরিবারের লোকেরাও লাঠি, বাঁশ নিয়ে আক্রমণকারীদের উপর চড়াও হলে তুমুল বিবাদ বাধে দু’পক্ষের। ১০ জন গুরুতর যখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তবে ঘটনার পর থেকেই মূল অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে। খবর পেয়ে ভাটোল ফাঁড়ি ও রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। এই ঘটনায় পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

