আমাদের ভারত, হুগলি, ২৩ ডিসেম্বর: কলেজ ফেস্ট চলাকালীন উপচে পড়া ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কয়েকজনের জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়।
ঘটনার দিন সন্ধ্যায় প্যারীমোহন কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন সঙ্গীত শিল্পী শান। উত্তরপাড়া বিদ্যালয়ের মাঠে সঙ্গীতানুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে গান শুনতে ব্যাপক ভিড় হয়েছিল। ভিড় সামাল দিতে পুলিশ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে বহিরাগতদের ভিড় জমে যায়। রাস্তায় তিল ধারণের জায়গা ছিল না। রাত সাড়ে দশটা নাগাদ শানের গান শোনার জন্য পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রোতারা মাঠে ঢুকে পড়ে। তাতেই চরম বিশৃঙ্খলা তৈরী হয়। ভিড়ের ধাক্কায় বেশ কয়েকজন মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন। আহতদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মীও জখম হন বলে খবর। এরপরেই পুলিশ সেখানে লাঠি চার্জ করে এলাকা ফাঁকা করে দেয়। আহতদের উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতাল ও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
এই প্রসঙ্গে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, রাজ্যেজুড়ে কলেজে কলেজে কোনও ভোট হয় না। তৃণমূল ছাত্র পরিষদের টাকার উৎস কি? এত টাকা কোথা থেকে আসছে। বর্তমানে পুলিশ ও তৃণমূল এক হয়ে গিয়েছে। ছাত্রদের অনুষ্ঠানে পুলিশ লাঠিচার্জ করছে। রাজ্যজুড়ে যে অরজকতা চলছে এটাই তার প্রমাণ।
এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুঁইন সাংবাদিকদের বলেন, আমি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। মাঠে যেখানে অনুষ্ঠান হয়েছে সেখানে কোনো সমস্যা হয়নি। বাইরে কী হয়েছে বলতে পারবো না। তবে একজন বড় শিল্পী এলে তাঁকে দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়। বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ ছিল, সেরকম বড় কিছু হয়নি।
পুলিশ জানিয়েছে, দু’একজনের মাথায় ও পায়ে হালকা চোট লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

