স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১২ সেপ্টেম্বর:
এলাকা দখল ঘিরে প্রকাশ্য দিবালোকে দুই সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি। বোমাবাজির পর গ্রামে ঢুকে একাধিক বাড়ির ধান ও বিচুলির গোলায় আগুন লাগানো থেকে শুরু করে একাধিক বাড়ি ভাঙ্গচুর করলো দুষ্কৃতীরা।
সূত্রের খবর, শনিবার সকালে নদিয়ার শান্তিপুরের সাহেবডাঙ্গা এলাকার দক্ষিণ পাড়া ও উত্তর পাড়ার দুই সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে বোমাবাজি শুরু হয়ে যায়। বোমাবাজি চালানোর পাশাপাশি উত্তর পাড়ার দুষ্কৃতীরা দক্ষিণ পাড়ায় ঢুকে বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি মজুত ধানের গোলায়ও আগুন ধরিয়ে দেয়। মূলত বল খেলার মাঠের দখল নিয়ে বহুদিন ধরেই উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়ার মধ্যে ঝামেলা চলছে। বৃষ্টিতে মাঠে জল জমে যায়। আর সেই জল মাঠের মধ্যে থেকে নর্দমায় ফেলার জন্য দক্ষিণ পাড়ার লোকজন খাল কেটে জল নর্দমায় ফেলতে চেয়েছিল। আর উত্তরপাড়া তাতে বাধা দেয়। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

এই নিয়ে বহুবার শান্তিপুর থানা থেকে দুই পক্ষকে ডেকে মধ্যস্থতা করেছিল পুলিশ। কিন্তু কোনও সুরাহা হয়নি। পরিস্থিতি নিয়পন্ত্রনে আনতে এলাকায় পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ।

